মমিনুল ইসলাম রিপন
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর জাহাজ কোম্পানি মোড়ের ইউটার্ন ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু বলেন, "একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নাশকতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে মেতে উঠেছে। রংপুরসহ সারা দেশে কোনো অপশক্তিকে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া হবে না। যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে যেকোনো দেশবিরোধী চক্রান্ত কঠোর হস্তে প্রতিহত করবে।"
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিক্ষোভ মিছিলে রংপুর জেলা যুবদলের সহ-সভাপতি শরীফ শামীম হাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদুর রাশীদ গালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রানা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে রংপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রাজপথে প্রতিহতের হুঁশিয়ারি: রংপুর জেলা যুবদল সভাপতি